ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় অভিযুক্ত জন, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত অপরাধী এবং সিলেটের এমসি কলেজের গণধর্ষণ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা। এসময় ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেয় তারা।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘ধর্ষিতাকে অপদস্ত করা বর্বরতর সংস্কৃতি’, ‘নো মার্সি ফর রেপিস্ট’, ‘প্রতিটা ধর্ষণ আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে’, ‘নিজের দেশে কেন আমি নিরাপদ নই’, ‘নো কান্ট্রি ফর রেপিস্ট’ শীর্ষক প্ল্যাকার্ড ধারণ করে। সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নাট্যকার ও নাটকবাজ আখ্যায়িত করে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তা হতে পারে না। এর বিচার হতে হবে। ফেসবুকে লাইভ করে হুমকি দেওয়ার কথা তো আগে কখনো শুনিনি। অথচ নুর সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে নাটক করেছে সে। গুজবের মাধ্যমে ভিপি পদ বাগিয়ে নেওয়া নুরের মুখোশ উন্মোচন হয়েছে। কিছু দিন আগে তার অডিও ভাইরাল হয়েছে, যেখানে সে টেন্ডারবাজির কথা বলেছে। এ সময় তিনি নুরদের সংগঠনকে ‘ধর্ষণ অধিকার পরিষদ’ হিসেবে উল্লেখ করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নুর সব ডাকসু ভিপির মর্যাদাহানি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ?পতিতা আখ্যায়িত করেছে, এত সহজ? তিনি বলেন, ধর্ষকের কোনো দল নেই। এই কুলাঙ্গাররা যেই হোক, তার বিচার করতে হবে। এ সময় তিনি সেই ছাত্রীর নাম উল্লেখ করে ঘোষণা দেন, আপনার কোনো ভয় নেই, ছাত্রলীগ আপনার সঙ্গে আছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, করোনাকালীন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সংগত কারণেই এসব প্রতিষ্ঠানের হল এবং হোস্টেল খোলা থাকার কথা নয়। তা সত্ত্বেও এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা কীভাবে কলেজের হোস্টেলে ছিলেন সেটা বোধগম্য নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচার চাই। এর জন্য আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে পাগল আখ্যায়িত নুর ও তার অনুসারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সিলেট এমসি কলেজের ঘটনার মিডিয়া কাভারেজ নিয়ে প্রশ্ন তুলেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, সিলেট এমসি কলেজের ঘটনা পত্রিকার ?লিড রিপোর্ট হবে, আর ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্রী ধর্ষণের ঘটনা নিম্নমানের কাভারেজ পাবে, তা কেন? গণমাধ্যমের কাছে অনুরোধ সব ঘটনা যেন সমান গুরুত্ব পায়। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।