চট্টগ্রামে ভয়ংকর প্রতারক পারভীন গ্রেফতার

র্যাব অভিযান চালিয়ে পারভীন আক্তার নামে এক ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার নগরীর পাহাড়তলীর ডিটি রোড এলাকায় ‘স্বীকৃতি’ নামে একটি ভুয়া সংস্থার অফিস থেকে তাকে গ্রেফতার করে। এই প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১০টি প্রতারণা মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন পরিচয়ে তার প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।

র্যাব জানায়, প্রতারক পারভীন নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, ক্যাব সভাপতি,  মানবাধিকারকর্মী, সাংবাদিক, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধাননির্বাহী, দেশি-বিদেশি নিয়োগকারী সংস্থার মহাব্যবস্থাপক, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী, কখনো পরিবেশবিদ পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত্ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানান, প্রতারক পারভীন আক্তার কথিত ‘স্বীকৃতি’ সংস্থার প্রধান। র্যাব  তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সঞ্চয় ও ঋণ পাশ বই, পূরণ করা চেক, স্বাক্ষর করা ফাঁকা চেক, বিভিন্ন ব্যাংকের চেক বই ও জমা বই, চুক্তিনামা, স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প, ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা আদায়ের রসিদ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার সিল, স্বীকৃতি নামক সংস্থার ডেবিট ও ক্রেডিট ভাউচার বই, ফিক্সড ডিপোজিট রসিদ বই, অনুদান আদায়ের রসিদ বই, ক্যাশ পজিশন বই, প্যাড, বিদেশগমনের লিফলেট, বাংলাদেশ সরকারের মনোগ্রামসংবলিত ভিজিটিং কার্ড, নিয়োগপত্র, লেজার বই, অঙ্গীকারনামা বই, মাসিক চাঁদা আদায়ের রসিদ, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বই, হিসাব খোলার বই, সাপ্তাহিক টপশিট, মাসিক সঞ্চয় আবেদন বই, প্রকল্প প্রস্তাব, আইডি কার্ড, চারটি পাসপোর্ট, পারভীন আক্তারের একটি ভুয়া এনআইডি কার্ডসহ আরো বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করে।