রক্ত জোগাড়ের কথা বলে নারীকে ধর্ষণ দুই আসামি রিমান্ডে

মুমূর্ষু স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে এক নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম দেবদাস অধিকারী গতকাল রবিবার এই আদেশ দেন। ঐ দুই আসামি হলেন মনোয়ার হোসেন ওরফে সজীব (৪৩) ও সহায়তাকারী মাশনু আরা বেগম ওরফে শিল্পী (৪০)।

গত ১৫ সেপ্টেম্বর ভিকটিম তার অসুস্থ স্বামীকে নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। দায়িত্বরত ডাক্তার তার স্বামীর জন্য জরুরিভাবে রক্তের ব্যবস্থা করতে বলেন। ভিকটিম তখন হাসপাতালের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে গিয়ে কয়েক জনকে বসা দেখতে পান। তিনি সেখানে ‘ও পজিটিভ’ রক্তের বিষয়ে জানতে চাইলে মনোয়ার হোসেন ওরফে সজীব রক্তের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে। পরদিন ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে রক্তের ব্যবস্থা করে দেওয়ার নাম করে তাকে কৌশলে মিরপুর থানার মনিপুরের শিফা ভিলার মাশনু আরা বেগম ওরফে শিল্পীর বাসায় নিয়ে যায়। শিল্পীর সহযোগিতায় মনোয়ার ঐ নারীকে ধর্ষণ করে। এ সময় তিনি চিত্কার করলে গলা চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে র্যাবকে ঐ ঘটনা জানালে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।