গতকাল রাজধানীতে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় থেকে অন্ধ হয়ে আছেন। যা ইচ্ছে তাই করছেন। যে কোনো সময় বদলে যেতে পারে রাজনীতির হাওয়া। সেই দিনের কথা চিন্তা করুন। আজকে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন, এর প্রতিশোধ কিন্তু জনগণ একদিন ঠিকই নেবে।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রবিবার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে এবং খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, নারী ধর্ষণ ছাত্রলীগের পুরোনো অভ্যাস। ১৯৭৩ সালে শহিদ মিনারে প্রথম ছাত্রী লাঞ্ছিত করে এই ছাত্রলীগ। এর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ধর্ষণ সেঞ্চুরির ইতিহাস সবাই জানে। এগুলো তথ্যমন্ত্রীর মতো মনগড়া কথা নয়, এগুলো ইতিহাস।
শনিবার বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত পথনাটক ‘ইনডেমনিটি’র সমালোচনা করে রিজভী বলেন, বিকৃতি রুচিসম্পন্ন একটি নাটক আরটিভিতে প্রচারিত হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।