অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) তরুণ কান্তি ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, তরুণ কান্তি ঘোষ এক জন সরকারি কর্মকর্তা হয়েও তার নিজের এবং পরিবারের সদস্যদের নামে ৪৮টি ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠানে ৬০টিরও বেশি সঞ্চয়ী হিসাব খুলেছেন এবং বিভিন্ন এফডিআরে কোটি কোটি টাকা সঞ্চয় রেখেছেন। এছাড়া তরুণ কান্তির নামে ঢাকার অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট এবং বসুন্ধরা আবাসিক এলাকা এবং পূর্বাচলে দুটি প্লট ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার অভিযোগ আছে।