বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডকে দুর্নীতিমুক্ত ও হোমিওপ্যাথি চিকিত্সাসেবার মানোন্নয়নে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন। গতকাল রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডা. ওমর কাওছার দাবিগুলো উপস্থাপন করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—ডিএইচএমএস কোর্সের শিক্ষাগত মান নির্ধারণ, ডিএইচএমএস উত্তীর্ণদের উচ্চশিক্ষায় গবেষণার সুযোগ প্রদান এবং প্রস্তাবিত বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির প্রাথমিক অনুমোদন প্রদান। এছাড়া ডিএইচএমএস চিকিত্সকদের সরকারি চাকরির ব্যবস্থা করার দাবি করা হয়েছে। তিনি হোমিওপ্যাথি অ্যাক্ট, ১৯৮৩ অবজ্ঞা করে অনিয়মতান্ত্রিকভাবে চিকিত্সা প্রতিনিধি বাদ দিয়ে বাংলাদেশ হোমিও বোর্ড গঠন এবং দুর্নীতির কারণে বোর্ড পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল ফেডারেশনের সভাপতি ডা. সাখাওয়াত ইসলাম ভুইয়া, ডা. হুমায়ূন কবির, ডা. রোকেয়া বেগম, ডা. আফরোজা সুলতানা দিপালী, ডা. আকবর হোসাইন প্রমুখ।