প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই ভারতে কৃষি বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর

ভারত জুড়ে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই পার্লামেন্টে পাশ হওয়ার এক সপ্তাহের মধ্যে তিনটি কৃষি বিলে সই করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এর ফলে আইনে পরিণত হলো জুন মাসে সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ। পার্লামেন্টে নজিরবিহীন বিক্ষোভ আর হইহট্টগোলের মধ্যে ধ্বনি ভোটে পাশ হওয়া বিলে সই না করার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধীরা। শনিবারই এনডিএ ছেড়ে যাওয়া শিরোমণি অকালি দলও একই আবেদন জানিয়েছিল। এক সপ্তাহ আগে গত রবিবার রাজ্যসভায় দুটি কৃষি বিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজ্যসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটি চেয়ারম্যানের টেবিলের সামনে গিয়ে তিনটি মাইক্রোফোন ভেঙে দেওয়া এবং রুল বুক ছেড়ার অভিযোগ উঠেছিল বিরোধী এমপিদের বিরুদ্ধে। তার জেরে আট এমপি সাসপেন্ড হয়ে অবস্থান ধর্মঘটে বসেছিলেন। প্রতিবাদে রাজ্যসভা বয়কট করেন বিরোধী সংসদ সদস্যরা। বিরোধীশূন্য রাজ্যসভাতেই পাশ হয়ে যায় তৃতীয় কৃষি বিলটিও। —আনন্দবাজার পত্রিকা