ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা ভাইরাস মহামারি ঠেকাতে বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে তিনি এই আহ্বান জানান। আগামী জি-৭ সম্মেলনেও কীভাবে ভবিষ্যতে মহামারি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে তার দেশ কাজ করবে বলেও জানান বরিস জনসন। একটি নিরাপদ টিকা আবিষ্কারে ব্রিটেন চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বরিস মহামারি রোধে তার পাঁচটি পরিকল্পনার কথা তুলে ধরেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এবং দ্য ওয়েলকাম ট্রাস্টের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।