অক্সফোর্ড খ্যাত সিলেট এম সি কলেজ বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের ১২৮ বছরের অতীত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক অধিকার আন্দোলন সংগ্রাম ও সফলতার স্মৃতিবিজড়িত যা সিলেটবাসীর জন্যে গৌরবময় ইতিহাস। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে কলুষিত করে ঐতিহ্যবাহী এম সি কলেজের সুনামকে কলঙ্কিত করেছে বারবার একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। যে ছাত্রলীগের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া সমাজকে বদলানোর স্বপ্ন দেখতাম সেই ছাত্রলীগের নাম ধর্ষণ নামক নৃশংস ঘটনায় জড়িয়ে পড়েছে। এমন নিষ্ঠুর, নৃশংস ঘটনা কোনো মানুষ জাতি মেনে নিতে পারে না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। আমার প্রশ্ন ঐতিহ্যবাহী এম সি কলেজ বারবার কেন অপরাধের জন্য শিরোনাম হচ্ছে। কারা এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের আলোকিত ধারাকে কালিমা লেপন করছে তা তদন্ত করে সামাজিক এবং রাজনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। আমি মনে করি ঐতিহ্যবাহী এম সি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে যারা উত্সব করেছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে একই ছাত্রাবাসে এমন অপরাধ করার সাহস পেত না। অভ্যন্তরীণ কোন্দলে নিজের সহকর্মীদের যারা বিভিন্ন সময় খুন করেছে তাদের শাস্তি হলে এই অপরাধীরা এমন বিকৃত চিন্তাও করতে পারত না। ধর্ষণ নামক নৃশংস এবং কলঙ্কজনক এ ঘটনায় আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে লজ্জিত, মর্মাহত। অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই।
অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম