কিছুটা ভ্যাপসা গরম ও করোনার এই সময়ে শিশু থেকে বৃদ্ধ—সবারই একটু বেশি পুষ্টি প্রয়োজন। তেমন ভাবনা থেকে আজ পুষ্টিকর ও মজাদার কিছু ভিন্ন স্বাদের রেসিপি দিয়েছেন বরিশাল কালেক্টরেট স্কুল
অ্যান্ড কলেজের শিক্ষক
আয়েশা ফারজানা
পুর ভরা কাঁচা কলার চপ
উপকরণ :কাঁচা কলা ৪ পিস, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা ও জিরা বাটা ১ চা চামচ করে, চিংড়ি কুচি ১/২ কাপ, মসুর ডাল ভিজিয়ে বাটা ১/২ কাপ, আলু সিদ্ধ ১টি, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, তেল ১ কাপ, লবন পরিমাণমতো।
প্রণালি :কলা, ডাল, আলু ও বাকি সব মসলা মিশিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। এবার ভেতরে চিংড়ি কুচি পুর ভরে চপগুলো তেলে বাদামি করে ভেজে তুলতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন। বিকেলের নাস্তায় বা ভাত ও পোলাওয়ের সঙ্গে খেতে এটি বেশ মজাদার।
পাম্পকিন স্যুপ
উপকরণ :পাম্পকিন টুকরা করে কাটা ২ কাপ, গাজর টুকরা করে কাটা ২ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি ১/২ কাপ, মরিচ কুচি ১ চা চামচ, চিনি ২ চা চামচ, হেভি ক্রিম ১/২ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, বাদাম সাজানোর জন্য পাম্পকিনের বিচি, বাটার ১ চা চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি :প্রথমে সবজিগুলোর সঙ্গে বাদাম, পাম্পকিনের বিচি ও ক্রিম বাদে সব উপকরণ মিশিয়ে ১/২ কাপ পানি মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হলে ব্লেন্ড করে পাত্রে ঢেলে ক্রিম মেশাতে হবে। এরপর নামিয়ে পাম্পকিনের বিচি, বাদাম ও পাঁপড় দিয়ে পরিবেশন করতে হবে পুষ্টিকর ও মজাদার পাম্পকিন স্যুপ ।
ঠান্ডা দইবড়া
উপকরণ :মাসকলাই ডাল ১ কাপ, টক দই ২ কাপ, সামান্য পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়া, তেতুলের সস ১/২ কাপ, ধনিয়া পাতা কুচি ১/২ কাপ, মরিচ কুচি ১ চা চামচ, পুদিনা কুচি ৩ চা চামচ, চাট মসলা, পটেটো চিপস ১ প্যাক ও তেল ১ কাপ।
প্রণালি :ডাল সারারাত ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তেলে গোল গোল চপের আকারে ভেজে তুলে লবণ মেশানো ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখতে হবে। অন্য পাত্রে দইয়ের সঙ্গে সব উপকরণ (তেতুলের সস, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, পুদিনা কুচি, পটেটো চিপস, চাট মসলা বাদে।) মিশিয়ে ফেটাতে হবে। পানি থেকে উঠিয়ে বড়াগুলো প্লেটে রেখে ফেটানো দইটা উপরে ঢেলে দিয়ে তেতুলের সস, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, পুদিনা কুচি, চাট মসলা উপরে ছিটিয়ে ফ্রিজে ১০ মিনিট রেখে ঠান্ডা করেই পরিবেশন করা যাবে মজাদার দইবড়া।