আপাতত জাতীয় দলের কোনো খেলা হচ্ছে না, এটা নিশ্চিত হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপ করে বসে থাকতে চায় না। স্বাস্থ্যবিধি মেনে একটু একটু করে ক্রিকেট মাঠে ফেরাতে চায় তারা। গতকালই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা এখন কয়েকটি ধাপে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চান।
জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে একটা টুর্নামেন্ট, ঢাকা লিগ; এসব দিয়ে ক্রিকেট শুরু হতে পারে বলে ধারণা দিলেন বিসিবি সভাপতি, ‘আসলে করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায়নি যে আমরা এখনই সব শুরু করতে পারব। তবে আমরা খেলা (ক্রিকেট) শুরু করছি। আপাতত আমাদের এখন ক্যাম্প তো চলছেই। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে ওরা তিনটি। ঘরোয়া ক্রিকেটের দুটি ভাগ আছে। একটি হচ্ছে আমরা চিন্তাভাবনা করছি যে পাঁচ-ছয়টি দল নিয়ে প্রথমে খেলার জন্য। ছয়টি দল হলে ৯০ জন খেলোয়াড়।’
এ ছাড়া নিজেদের মধ্যে তিন-চারটি দল নিয়ে একটা প্রতিযোগিতা হতে পারে বলেও ধারণা দিয়েছেন তিনি, ‘এমনও হতে পারে আমাদের জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব ১৯ ওদেরকে নিয়ে আমরা তিন-চারটি দল বানিয়ে ফেলতে পারি। এটা খুব সম্ভবত টি-টোয়েন্টিই হবে।’
এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্য লিগগুলোও শুরু করে ফেলার কথা ভাবছে বিসিবি, ‘এই সময়ের মধ্যে আমাদের যে লিগ, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, প্রিমিয়ার লিগ যা যা বাকি আছে সেগুলো শেষ করে ফেলা হবে। এটার প্রস্তুতির জন্যই একটু সময় নিচ্ছি। যেন খেলার মধ্যেই আমরা থাকি। খেলা চালু করা তো গুরুত্বপূর্ণ না, কথা হলো আমরা নিরাপত্তা নিশ্চিত করব কীভাবে? খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমি বলেছি ক্লাবগুলোকে ডাকতে, খেলোয়াড়দের সঙ্গে বসতে এবং আমাদের একটা পরিকল্পনা দিতে।’