এলপিএলে বাংলাদেশিরা যাবেন না

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পাশাপাশি এটাও নিশ্চিত হয়ে গেল যে, নভেম্বরে অনুষ্ঠিতব্য লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের কোনো ক্রিকেটার যেতে পারছেন না। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের কাউকে এনওসি দেওয়া হবে না।

এলপিএলের প্রথম আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৮ আগস্ট। করোনা ভাইরাস পরিস্থিতিতে পরে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আগামী ১৪ নভেম্বর।

টুর্নামেন্টের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসানের নাম আছে বলে খবর এসেছে সংবাদমাধ্যমে। এছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বাংলাদেশের আরো বেশ কজন ক্রিকেটারের নাম থাকার কথা নিলামে। এলপিএলে বাংলাদেশের কেউ যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পরিষ্কার করে বলেছেন, ‘সম্ভাবনা দেখি না কোনো।’ আলাদা করে সাকিবের কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, সে সময় দেশে ক্রিকেট চলবে, তাই ঘরোয়া ক্রিকেট খেলবেন সাকিব, ‘আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে। এখানে খেলুক।’