বুন্ডেসলিগায় আরেক কোচ বরখাস্ত

জার্মান লিগ শুরু হওয়ার পর কেবল ১০ দিন গড়িয়েছে। তার মধ্যেই দুই জন কোচ বরখাস্ত হয়েছেন। এদের মধ্যে সর্বশেষ চাকরি গেল মেইঞ্জ কোচ আখিম বেয়ারলোর্জার। এর আগে বরখাস্ত হয়েছিলেন শালকের কোচ ডেভিড ওয়েগনার। মেইঞ্জের ফরোয়ার্ড অ্যাডাম সজালাইকে সাময়িক নিষিদ্ধ করে নতুন ক্লাব খুঁজতে বলার পর খেলোয়াড়রা অনুশীলনে অস্বীকৃতি জানান। তার এক সপ্তাহের মধ্যে বরখাস্ত হলেন কোচটি। খবরে প্রকাশ ফরোয়ার্ডটি বকেয়া পাওনা পরিশোধ করতে বলেছিল ক্লাবকে। যদিও ক্লাব বলছে এ খবর সত্যি নয়। বরং তার বিরুদ্ধে ‘খেলোয়াড়ি কারণে’ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর ক্লাবটি গত শনিবার স্টুর্টগার্টের কাছে ৪-১ গোলে হারে। ৫২ বছরের এ কোচ ২০১৯ সালের নভেম্বর থেকে মেইঞ্জের দায়িত্বে ছিলেন।