কারণ ছাড়াই দুই বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানি দুটি। কোম্পানি দুটি হলো—নিটল ইনসিওরেন্স এবং রূপালী ইনসিওরেন্স। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে গত ২৪ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর নিটল ইনসিওরেন্সের শেয়ারের দর ছিল ৩৬ দশমিক ৫০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭ দশমিক ২০ টাকায়। অর্থাত্ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩০ দশমিক ৭০ টাকা বা ৮৪ শতাংশ বেড়েছে। রূপালী ইনসিওরেন্সের শেয়ারের দর গত ৮ সেপ্টেম্বর ছিল ২০ দশমিক ১০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৫০ টাকা বা ৫৭ শতাংশ বেড়েছে।