জলোচ্ছ্বাস প্রতিরোধে বেড়িবাঁধ উঁচু করা হচ্ছে :পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ষাটের দশকে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল বন্যা ও জোয়ারের পানি প্রতিরোধের জন্য। এখন জলবায়ু পরিবর্তনের ফলে ৬ থেকে ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। সে সব ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে। যাতে জলোচ্ছ্বাসে গ্রাম প্লাবিত হতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে তিনি গতকাল সোমবার বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।