রামগতিতে মিজানুর রহমান আকাশ (১৩) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রামগতি থানায় লাশটি দেখে কিশোরের পরিচয় নিশ্চিত করেন তার মা কাজলী বেগম। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আকাশ উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার নুর ইসলামের ছেলে এবং চরডাক্তার আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এর আগে দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার আদর্শ গ্রাম এলাকার একটি পুকুর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গত ১৭ সেপ্টেম্বর সকালে স্কুলছাত্র আকাশ বড় ভাইয়ের চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।