সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে খেজুরদানা অভয়ারণ্য খালে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে নোটাবেঁকী বন অফিসের সদস্যরা। সোমবার সকাল ৭টার দিকে নোটাবেঁকী বন অফিসের কর্মকর্তা মো. নুরে আলমের নেতৃত্বে খেজুরদানা অভয়ারণ্য খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে দুটি নৌকা, পাঁচটি ফাইবার জাল, দুটি ফাঁস জাল, চারটি বৈঠা, ৪০ কেজি মাছ ও দুটি গ্রাফিসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলা সোনাখালী গ্রামের আনসার গাজী, আলমগীর গাজী, জামাল গাজী, আকরাম গাজী ও বংশীপুর গ্রামের আজগার গাজী। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, আটক জেলেদের বন আইনে মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।