টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শামছুল হক তালুকদার ছানু (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। এর আগে তিনি গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তিনি সংসদ সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনি শোক প্রকাশ করেছেন।
সোমবার ভূঞাপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।