প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ৭৪ বছরের বর্ণাঢ্য জীবনে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন টানা ৩৯ বছর ধরে। বিশ্বের সব থেকে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নারী রাজনীতিবিদের মাইলফলকও এখন তার দখলে। প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা আর সাহসী নেতৃত্ব গুণের কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে শেখ হাসিনা এখন নিজেকে আসীন করেছেন বিশ্ব নেতৃত্বের কাতারে। করোনার মতো বৈশ্বিক মহামারির নিদারুণ প্রভাব পড়েছে বাংলাদেশেও। অথচ এমন ঘোর অমানিশার মধ্যেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন তিনি। গতকাল সোমবার বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদ্যাপনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নেতারা এসব কথা বলেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে সোমবার দিনটিতে বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও মসজিদে মসজিদে দোয়া, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দুস্থ-গরিবদের মধ্যে খাবার ও ভ্যান-রিকশা বিতরণ এবং আলোচনাসভাসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও দিনটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আইন সম্পাদক নজিবুল্লাহ হীরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, সাহাবউদ্দিন ফরাজী প্রমুখ।
বায়তুল মোকাররমে দোয়া
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। অন্যদিকে সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
দৃষ্টি ও বাক্ প্রতিবন্ধীদের উপহার যুবলীগের
গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবলীগ। এ সময় দৃষ্টি ও বাক্ প্রতিবন্ধীদের খাবার ও বস্ত্র উপহার দিয়েছে যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।