কারাগারে ডিভিশন চেয়ে ডা. সাবরিনার আবেদন

কারাগারে ডিভিশন চেয়েছেন করোনা টেস্টের ভুয়া রেজাল্টের মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। ঐ আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। কারাগারে সাবরিনার ডিভিশন চেয়ে আদালতে আবেদনে তার আইনজীবী বলেন, সাবরিনা গেজেটেড সরকারি কর্মকর্তা। কারাবিধি অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার অধিকারী। তার পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আহম্মেদ।

এদিকে গতকাল এই মামলায় ইয়াসিন নামে একজন সাক্ষ্য দেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেন। গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত।