দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। এরমধ্যে ২৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে তিন জন করে এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ২ হাজার ৫৯১ জন, যা ৪৯ দশমিক ৮৯ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৬৮ জন, যা ২০ দশমিক ৫৭ শতাংশ। রাজশাহী বিভাগে ৩৪০ জন, যা ৬ দশমিক ৫৫ শতাংশ। খুলনা বিভাগে ৪৩৩ জন, যা ৮ দশমিক ৩৪ শতাংশ। বরিশাল বিভাগে ১৮৭ জন, যা ৩ দশমিক ৬০ শতাংশ। সিলেট বিভাগে ২২৮ জন, যা ৪ দশমিক ৩৯ শতাংশ। রংপুর বিভাগে ২৩৭ জন, যা ৪ দশমিক ৫৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১০৯ জন, যা ২ দশমিক ১০ শতাংশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ২১ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪০৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে গতকাল ১৩২ জন বেশি শনাক্ত হয়েছে।