বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতার গুদামে ১০ টাকা কেজির ১০০ মণ চাল!

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১০০ মণ (৫১ বস্তা) চাল ও ১৩০টি কার্ড জব্দ করেছেন ধুনটের সহকারী কমিশনার (ভূমি)। গতকাল সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী অভিযান চালিয়ে উপজেলার নিমগাছি ইউনিয়নের বাবু বাজার এলাকায় গুদাম থেকে এই চাল ও কার্ড জব্দ করেন।

উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নবাব আলীর মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের গুদাম থেকে ৫১ বস্তা চাল উদ্ধার করা হয়। একই স্থানে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হাদি মণ্ডলের ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়কেন্দ্র থেকে ১৩০টি কার্ড জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ টাকা কেজি দরের চাল বিক্রির পরিবেশক (ডিলার) আব্দুল হাদি মণ্ডল। তার অধীনে ৭১০টি কার্ড রয়েছে। তিনি সেপ্টেম্বর মাসের ৭১০টি কার্ডের অনুকূলে বরাদ্দকৃত ২১ হাজার ৩০ কেজি চাল ২০ সেপ্টেম্বর উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। এরপর বাবু বাজার এলাকায় বিক্রয়কেন্দ্র           থেকে কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি করেন। সোমবার দ্বিতীয় দিনের চাল বিক্রির সময় সেখানে অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাদির চাল বিক্রয়কেন্দ্র থেকে অবৈধভাবে রক্ষিত ১৩০টি কার্ড জব্দ করেন। একই সময় আওয়ামী লীগ নেতা নবাব আলীর মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের ১০০ মণ চাল জব্দ করা হয়।

আওয়ামী লীগ নেতা নবাব আলী বলেন, ‘আমার গুদামে রাখা ১০০ মণ চাল খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল না। এগুলো আমার মিলে ব্যাবসায়িক ধান ভাঙিয়ে এই চাল বস্তায় ভরে রাখা হয়েছে।’

ডিলার আব্দুল হাদি মণ্ডল বলেন, ‘১৩০টি কার্ডের নাম পরিবর্তন করার জন্য উপজেলা খাদ্য বিভাগের নির্দেশে আমার কাছে রেখেছিলাম। এসব কার্ডের নাম পরিবর্তন করে কার্ডধারীদের দেওয়ার কথা ছিল। আমার কোনো অসত্ উদ্দেশ্য ছিল না।’

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আলী রনী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেখানে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের চাল সন্দেহে ৫১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এছাড়া ডিলারের কাছে অবৈধভাবে রাখা ১৩০টি কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।