দোকানে মিলবে ওএমএসের চাল

জনগণের সুবিধার কথা বিবেচনা করে ট্রাকের পরিবর্তে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানে ওএমএসের চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং, ঢাকা উদ্যান হাউজিং, চন্দ্রিমা উদ্যান হাউজিংসহ কয়েকটি পয়েন্টে ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, প্রতিদিন ঢাকার ১২০ পয়েন্টে দেড় টন চাল ও দুই টন করে আটা বিক্রি হচ্ছে। তিনি বলেন, পূর্বে ট্রাকের মাধ্যমে চাল-আটা বিক্রয় হলেও এখন স্থায়ী দোকানের মাধ্যমে তা বিক্রি করা হচ্ছে। ফলে জনগণ সহজেই দোকান থেকে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে পারছেন। মন্ত্রী ওএমএস কার্যক্রম চলমান রাখা হবে বলে জানান।

এ সময় খাদ্য সচিব ড. মোছাম্মত্ নাজমানারা  খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চালের বাজার স্থিতিশীল রাখতে রাজধানীসহ সারাদেশে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা দরে আটা বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারবেন।