মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মুদি দোকানি খুন

রাজধানীর মোহাম্মদপুর পুলপাড় হোসেন সাহেবের গলিতে নজরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি মো. আবদুল লতিফ জানান, মুদি দোকানে বসা অবস্থায় রাহাত নামে এক যুবক দোকানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, ঘাতক রাহাতকে আটক করা হয়েছে। কী কারণে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।