সৌদি আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো এবং সৌদি এয়ারলাইন্সের পর্যাপ্ত টিকিটের দাবিতে গতকাল সোমবারও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। গতকাল দুপুরে প্রবাসীকর্মীরা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন। তারা সমস্বরে স্ল্লোগান দেন ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানো হোক।
প্রবাসীদের অভিযোগ, ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেবল সরকারি ঘোষণাতেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র ভিন্ন হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে তাদের সৌদি যাত্রা। অবরোধের ফলে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।
প্রবাসী শ্রমিকরা বলছেন, ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সরকার ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অনলাইনে গিয়ে চেক করে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো আলামত পাচ্ছেন না। তাদের দাবি ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হোক। তবেই সবাই ফিরে যেতে পারবেন। হাজীগঞ্জ থেজে আসা প্রবাসীকর্মী শাহজাহান বলেন, দেশে ফিরে গত ৯ মাস বেকার বসে বসে খাচ্ছি। আয়-রোজগার নেই। ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদও শেষ। ভিসার মেয়াদ ও টিকিটের ব্যবস্থা করতে এক সপ্তাহ ধরে এয়ারলাইন্স কার্যালয়ে ধরনা দিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থাই করতে পারছি না। এখন আমার কী হবে? তবে সাউদিয়া এয়ারলাইন্সের তরফ থেকে বলা হয়েছে, ৪ অক্টোবরের আগে নতুন করে কোনো টোকেন-টিকিট দেওয়া হবে না।