ই-ভ্যালির ব্যাংক হিসাবে স্বাভাবিক লেনদেনে বাধা নেই

ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটিসহ এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের পরিচালিত সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশ বাড়ায়নি নিয়ন্ত্রক সংস্থা। ফলে ইভ্যালির ব্যাংক হিসাবে স্বাভাবিক লেনদেনে বাধা নেই। গতকাল ইত্তেফাককে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান।

গত ২৭ আগস্ট ইভ্যালির ব্যাংক হিসাব ৩০ দিন স্থগিত রাখতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে চিঠি দেয় বিএফআইইউ। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ইভ্যালি লিমিটেডের নামে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে পত্র ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো। লেনদেন স্থগিতাদেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর ২৬ (২) ধারা বিধান প্রযোজ্য হবে।

পণ্য কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিক ‘ক্যাশব্যাক’ অফার দিয়ে ব্যবসা করছে বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ইভ্যালি। ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। একের পর এক চটকদার অফারে হাজার হাজার গ্রাহক আকৃষ্ট হয়েছেন। আর গ্রাহকের টাকা পাচার করছে বলে ইভ্যালি বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।