শত চাপ ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সাংবাদিকরা যদি সততা ও সাহসের সঙ্গে কাজ করেন তাহলে পরিবর্তনের ধারা সূচিত হবে। প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদের মধ্যে আশার সঞ্চার করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘তথ্য অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা :প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচকরা এ মন্তব্য করেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদ্যাপনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনলাইন প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক আফসান চৌধুরী, অধ্যাপক ড. গীতিআরা নাসরিন, টিআইবির মহাপরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনস্যালটেন্ট জুলফিকার আলি মানিক, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্জুর-ই-আলম।
প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে যৌথভাবে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন যশোরের ‘দৈনিক গ্রামের কাগজ’ এর সিনিয়র রিপোর্টার ফয়সাল ইসলাম এবং চট্টগ্রামের সাপ্তাহিক ‘চাটগাঁর বাণী’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ সেলিম। জাতীয় সংবাদপত্র বিভাগে পুরস্কার বিজয়ী হয়েছেন ‘দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে এনটিভির সিনিয়র রিপোর্টার সফিক শাহিন। টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।