ধর্ষণ ইস্যুতে মুখোমুখি ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন

সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে মুখোমুখি ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের বক্তব্য বিতর্কিত, ধর্ষণ ও নারী নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন। তবে ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার রাত ৯টায় প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ছাত্রলীগ।

ছাত্র ইউনিয়নের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (রবিবার) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক বক্তৃতায় ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ‘স্বাধীনতাবিরোধী ছাড়া অন্য কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়...তা প্রতিহত করব’ এমন বক্তব্য দিয়েছেন। স্বাধীনতার ৪৯ বছর পর নির্যাতনের শিকার নারীর মধ্যে ‘স্বাধীনতাবিরোধী’ খোঁজার মাধ্যমে সঞ্জিত তার সংগঠনের নারী নিপীড়কদের বাঁচানোর অপপ্রয়াস করছেন।

এর প্রতিবাদে ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের একটি বক্তব্যকে হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যমূলকভাবে রক্ত মাখিয়ে বিভ্রান্তিকর করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।