জামাল খাশোগি হত্যাকাণ্ড

আরো ছয় সৌদি নাগরিককে অভিযুক্ত করেছে তুরস্ক

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠন করেছে তুরস্ক। সৌদি আরবের আরো ছয় জন নাগরিককে এবার অভিযুক্ত করা হয়েছে। খবর আলজাজিরার

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই দুই জন কনস্যুলেটের কর্মকর্তা যারা হত্যাকাণ্ডের পর পালিয়ে গিয়েছিলেন। বাকি চার জনের পাঁচ বছর জেল হতে পারে। তারা হত্যাকাণ্ডের পর পরই ঘটনাস্থলে গিয়ে আলামত নষ্ট করেন। তারাও তুরস্ক ছেড়েছেন।

এর আগে গত জুলাইয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ ২০ জনের বিরুদ্ধে বিচার শুরু করেছিল তুর্কি আদালত। তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তার মৃতদেহ এখনো পাওয়া যায়নি।