সংখ্যালঘুদের হত্যার ক্ষেত্র হিসেবে পরিচিত পাকিস্তান: ভারত

 সংখ্যালঘুদের হত্যার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে পাকিস্তান। দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল। সোমবার জাতিসংঘে মানবাধিকার পরিষদে পাকিস্তানের দেওয়া বিবৃতির জবাবে রাইট টু রিপ্লাইয়ের নিয়ম প্রয়োগ করে ভারতের পক্ষ থেকে এমনটি বলা হয়। 

জাতিসংঘে ভারতীয় স্থায়ী মিশনের কূটনীতিক পবন বধে বলেন, সন্ত্রাসবাদীদের পালনকর্তা হচ্ছে পাকিস্তান। দেশটি চার হাজার জঙ্গির নাম সন্ত্রাসীদের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে পরিণত করা হয়েছে। 

এছাড়াও পবন বধে আরো বলেন , পাকিস্তানের সংখ্যালঘুদের দুরবস্থা পুরো বিশ্ব জানে। ধর্মীয় স্বাধীনতার নাম করে সংখ্যালঘুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আহমেদিয়া ও খ্রিস্টানদের উত্যক্ত করা হচ্ছে পাকিস্তানে।  ভিন্নমত পোষণ করা ব্যক্তিত্বদেরও গুম করে দেওয়া হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংবাদিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেখানকার মানুষ ক্রমাগত দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন।  

ইত্তেফাক/এআর