পঞ্চগড়-আটোয়ারী সড়ক

সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি

আটোয়ারী উপজেলায় ফকিরগঞ্জ বাজারসংলগ্ন পঞ্চগড়-আটোয়ারী সড়ক বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এলজিইডির আওতাধীন এ সড়কে বৃষ্টি হলেই পানি জমে যায়। অন্যদিকে বাজারের ড্রেনেজব্যবস্থা নাজুক হওয়ায় সেই পানি এসে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, পঞ্চগড়-আটোয়ারী সড়ক ও বাজারের দুরবস্থা লাঘবে কার্যকরব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার কারণে কাজ শুরু হয়নি। একই সঙ্গে বাজারে দ্রুত ড্রেন নির্মাণকাজ শুরু হবে। সরজমিনে দেখা গেছে, ঐ সড়ক দিয়ে বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ কার্যালয়ে যেতে হয়। কিন্তু সড়কটি বেহাল হওয়ায় ক্রেতা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ এলাকার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, হাটের দিন বাজারসংলগ্ন এ সড়কের গলির পাশে নানা পণ্য রাখতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ী রুবেল জানান, সামান্য বৃষ্টি হলেই গোটা সড়কসহ বাজারটি কর্দমাক্ত থাকায় লোকজন চলাচল করতে পারে না। এতে কৃষকের পণ্য বিক্রিও বাধাগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা সাজ্জাদ সেলিম বলেন, এ সড়ক দিয়ে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়াও ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। খানাখন্দের কারণে সড়কের এ অবস্থা। বাজারের হোটেল ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম ও শ্যামল কুমার মোদক বলেন, বাজার ও সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ভোগের মধ্য দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান জানান, বাজারসংলগ্ন সড়কের বেহাল অবস্থা তিনি নিজে দেখেছেন। তিনি জানান, বাজারের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ড্রেন নির্মাণ করা হবে। এরই মধ্যে টেন্ডার হয়েছে। শিগিগরই কাজ শুরু হবে। সড়কের ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকিউল আলম বলেন, এ সড়ক সংস্কারের ব্যাপারে টেন্ডার হয়ে গেছে। বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। বৃষ্টি কমে গেলে এর সংস্কারকাজ শুরু হবে।