ঝালকাঠিতে এক নারীর চুল কেটে রাতভর নির্যাতন ও সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার দুই সপ্তাহ পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঐ নারী। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজির হস্তক্ষেপ কামনা করেন। আসামিরা মামলা তুলে নিতে নানা রকম হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, একাধিক আসামির বাসায় অভিযান চালানো হয়েছে। তাদের কাউকে বাসায় পাওয়া যায়নি। বাদীকে নিরাপত্তার জন্য আদালতের আদেশ আমাদের হাতে এসে পৌঁছেছে। বাদীর সঙ্গে আলোচনা করে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।