রাজধানীতে ৬৫ লাখ টাকার জালনোটসহ চার জন গ্রেফতার হয়েছে। সোমবার রাতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—ইউসুফ আলী, আব্দুর রহিম ওরফে হেলাল হোসেন রহিম, ফজলে রাব্বী মিয়া ও জাহিদ ইসলাম। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬৫ লাখ জাল টাকা, একটি ল্যাপটপ, পাঁচটি কালিসহ দুিট প্রিন্টার, জালনোট তৈরির চার বান্ডিল কাগজ, ১০ পাতা নিরাপত্তা সুতা, দুটি ডাইস, চারটি কাটার, জালনোট তৈরির কাজে ব্যবহূত আঠা, সাদা রঙের কালি ও কাচ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, আটককৃতরা ঈদ ও দুর্গাপূজার মতো বড় কোনো উত্সবকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের সহযোগীর মাধ্যমে জাল টাকা সরবরাহ এবং বিক্রি করেন। জালনোট তৈরির পর বিভিন্ন হাত ঘুরে বিভিন্ন দামে বিক্রি হয়। পরবর্তী সময়ে সুযোগ বুঝে নোটগুলো বাজারে ছেড়ে দেয় এই চক্র। জব্দকৃত সরঞ্জামাদি দিয়ে প্রায় ৫ কোটি টাকার জাল টাকা তৈরি করা যেত উল্লেখ করে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, চক্রটি কোথা থেকে জালনোট তৈরির উপকরণ সংগ্রহ করত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।