বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি এম এ খালেকের বারিধারার ৬ নম্বর রোডের ২ নম্বর বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়ে ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে সে সময় তিনি হাজির হননি। দুদক সূত্র জানায়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ আরো কয়েক জন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা আত্মসাত্ করেছেন।