ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধ, ট্যাটা হামলায় নিহত ২

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ট্যাটা হামলায় ইশান মিয়া (২০) ও মনির হোসেন (২৫) নামে দুই তরুণ নিহত হয়েছেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর ইউনিয়ন লামাবায়েক গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ইশান লামাবায়েক গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং মনির মৃত সিরাজ মিয়ার ছেলে। গলায় আঘাতে ইশান এবং বুকের চলের (মাছ ধরার লোহার তৈরি বিশেষ যন্ত্র) আঘাতে মনিরের মৃত্যু হয়েছে।    স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে          জানা গেছে, লালপুর ইউনিয়নের লামাবায়েক গ্রামের আলী আজম নামে এক ব্যক্তি প্রায় ছয় থেকে সাত মাস আগে সৌদি প্রবাসী মিজানুর রহমানের কাছ থেকে শুঁটকির ব্যবসার জন্য ১ কোটি টাকা ধার নিয়েছিলেন। কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলে একাধিক সময় দিলেও শেষ পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করেননি আলী আজম। বিষয়টি নিয়ে মিজানুরের সঙ্গে আলী আজমের বিরোধ দেখা দেয়। আলী আজম গত কয়েক দিন আগে গত মঙ্গলবার সন্ধ্যায় টাকা পরিশোধের কথা মিজানুরকে জানান। ইশান, মনির হোসেন, তফসির মিয়া গত মঙ্গলবার সন্ধ্যায় পাওনা টাকা নিতে আলী আজমের বাড়ি যান। বাড়িতে গিয়ে টাকা চাইলে আলী আজম বাড়ির লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ট্যাটা, বল্লম, চল, ছুরি নিয়ে ইশান, মনির ও তফসির মিয়াকে রাস্তায় ফেলে মারধর করে। এতে তারা সবাই গুরুতর আহত হন। খবর পেয়ে মিজানুরের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ইশান ও মনিরকে মৃত ঘোষণা করেন।