আধুনিক কুয়েতের স্থপতি দেশটির আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। কুয়েতের সরকারি সংবাদমাধ্যম কুয়েত টিভি এই তথ?্য জানিয়েছে।
২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। এর আগে ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি। অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন শেখ সাবাহ। ২০০২ সালে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এর দুই বছর পর তার হার্টে একটি পেস মেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয়। কয়েক মাস আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন।
আমির শেখ সাবাহ আঞ্চলিক বিরোধে মধ্যস্থতাকারী ছাড়াও মধ্যপ্রাচ্য ও এর বাইরেও একজন সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আরব উপসাগরে দুই চির শত্রু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছালে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ১৯২৯ সালের ১৬ জুন জন্ম নেওয়া শেখ সাবাহ ছিলেন শেখ আহমাদ আল-জাবের আল-সাবাহর চতুর্থ সন্তান। ক্ষমতায় আরোহণের আগে তিনি দীর্ঘদিন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ইরাক কুয়েতে আক্রমণ করলে তিনি হয়ে উঠেন ‘কুয়েতের মুখ’।