বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের নিলাম অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীদের হামলায় এক ঠিকাদার আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের উপস্থিতিতে স্কুল চত্বরে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর তিন দশক আগের তিনটি গাড়ির বর্জ্যাংশ ও পুরোনো ভবনের অব্যবহূত মালামাল নিলামে বিক্রির টেন্ডার আহ্বান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। গতকাল পূর্ব নির্ধারিত দিনে অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠানে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এক পর্যায়ে বজলুর রহমান বাঘা নামে এক ব্যক্তি ৬৮ হাজার টাকা দর হাঁকায়। পরে প্রতিদ্বন্দ্বী মিলন মুন্সি ও শাহিন ওরফে কার্টন শাহিনসহ তাদের সহযোগীরা বাঘা ও মো. মনির নামে দুই জনকে মারধর করে। এ সময় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস বলেন, নিলামে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের সহযোগিতায় তাত্ক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। সরকারি ৫৪ হাজার ৩৩৮ টাকা দরের বিপরীতে নিলামে সর্বোচ্চ দরদাতা রশিদ মুন্সি ৯০ হাজার টাকায় তিনটি গাড়ির বর্জ্যাংশসহ পুরোনো অব্যাহত মালামাল কিনে নেয় বলে জানান তিনি।