‘ইনডেমনিটি’ নাটক প্রচারে নিষেধাজ্ঞার আবেদন খারিজ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে ‘ইনডেমনিটি’ নাটক সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা মামলা খারিজ হয়েছে। মামলাটি গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসিকুজ্জামান এই আদেশ দেন।

আদালতে একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ বাদী হয়ে মামলাটি করেন। গতকাল সেই মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হয়। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে বিচারক মামলাটি খারিজের আদেশ দেন।

মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচ জনকে বিবাদী করা হয়েছিল। অন্য বিবাদীরা হলেন—নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব। মামলার আর্জিতে বলা হয়, ‘ইনডেমনিটি’ নাটকটিতে ইতিহাস বিকৃতি করে মানহানিকর তথ্য সম্প্রচার করা হয়েছে।