দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর ওপর সহিংসতা বেড়েই চলছে। ক্রমাগত সহিংসতা ও ধর্ষণের ঘটনায় জড়িত সব দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
‘বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খাইরুল ইসলাম, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা। আদিবাসী যুব ফোরামের সদস্য সচিব এ্যান্টনি রেমার সঞ্চালনায় আরো বক্তব্য দেন, তারিক হোসেন মিঠুল, বুলবুল আহমেদ, উজ্জ্বল আজিম, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ব্যাবিলন চাকমা ও হরেন্দ্র নাথ সিং।