গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নম্বর কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করেন তৌফিকুল ইসলাম। ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে গাইবান্ধার ডিসিকে শপথ পড়াতে বলে। কিন্তু শপথ না পড়ানোয় তিনি হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। আদালতে তার পক্ষে মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন।