পাতিকাক

 

শিস দিয়ে গান গায়, ভালো, সেটা গাক সে,

ময়নাটা ছেড়ে কেন পোষে পাতিকাক সে?

পাতিকাকে ‘কাকা’ ডাকে তাতে থাকে মুগ্ধ,

নিজে খেয়ে হাফ রুটি তাকে দেয় দুগ্ধ।

 

সাথে দেয় পাকা কলা, আহা সে কী যত্ন!

যত্নের ফলে কাক হয় যদি রত্ন।

নিশ্চয় ডাক দেবে এই কাকে ‘আব্বা’,

কাক পোষা লোকসান, তা কি কেউ ভাববা?  

 

‘কাকা ডাক বাদ দিয়ে বাপ বলে ডাক না’,

যত করে অনুরোধ, কাক ঝাড়ে পাখনা।

রাতদিন মজা করে খায় দামি খাদ্য,

তার ডাক পাল্টাবে আছে কার সাধ্য? 

 

এইভাবে কেটে যায় ছয়মাস পাক্কা,

কাক তবু ভুলল না সেই ডাক ‘কাক্কা’।

রাতদিন ভাবে খালি কার পিছে ঘুরছে?

রাগে খাঁচা খুলে দিলে উড়ে যায় দূর সে।