উত্তরাঞ্চলের বাজারজাতকরণ সমস্যা

পঞ্চগড়ে তৃতীয় নিলাম কেন্দ্র করার চিন্তা চা বোর্ডের

চা বোর্ড দেশের উত্তরাঞ্চলের শহর পঞ্চগড়ে তৃতীয় একটি নিলাম কেন্দ্র গড়ে তোলার চিন্তা করছে। গত মাসের শেষ দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে কমার্শিয়াল কাউন্সিলরদের এক সভায় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি। এই সভায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কমার্শিয়াল কাউন্সিলরদের চা-রপ্তানিসহ এই শিল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।

বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী জানান, ভবিষ্যতে চা-শিল্পের ক্রমবিকাশকে পর্যালোচনায় রেখে চা বোর্ডের চেয়ারম্যান পঞ্চগড়ে একটি আধুনিক নিলাম কেন্দ্র গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রকে ডিজিটালাইজড করার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান। তিনি আরো বলেন, বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে চায়ের উত্পাদন মূল্য কমিয়ে এর গুণগত মান বাড়াতে হবে। এ লক্ষ্যে চা উত্পাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চা-বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চা-বোর্ড সূত্র জানায়, চা-শিল্পের বিকাশে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রের গুরুত্ব বাড়ছে। ২০১৮ সালের মে মাসে দেশের দ্বিতীয় এই নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। শুরুতে নিলাম কেন্দ্রটির কার্যপরিধি কিছুটা সীমিত থাকলেও দিনে দিনে এর গুরুত্ব বাড়ছে। মূলত এই কেন্দ্রের সফলতা থেকে উদ্বুদ্ধ হয়ে এবং উত্তরাঞ্চলের চা উত্পাদকদের বাজারজাতকরণ সমস্যা দূর করতে চা বোর্ড পঞ্চগড়ে তৃতীয় নিলাম কেন্দ্র করতে চায়। উল্লেখ্য, দেশের প্রথম নিলাম কেন্দ্রটি চট্টগ্রামে। বাংলাদেশে মূলত চা উত্পাদন হয় সিলেট বিভাগের সুরমা ভ্যালি, বৃহত্তর চট্টগ্রামের হালদা ভ্যালি এবং পঞ্চগড়ের করতোয়া ভ্যালি নামক ইকোলজিক্যাল জোনে। শ্রীমঙ্গল ব্রোকার হাউজ সূত্রে জানা যায়, করোনা-পরবর্তী পরিস্থিতিতে চায়ের নিলাম আশাব্যঞ্জক। সূত্র আরো জানায়, মূল ধারার চায়ের সঙ্গে সঙ্গে ভালো মানের গ্রিন টির চাহিদা শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) এ উত্পাদিত গ্রিন টি বা সবুজ চায়ের মান অত্যন্ত ভালো। চা-শিল্পের বিকাশের লক্ষ্যে ইতিমধ্যে লালমনিরহাট ও পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে চায়ের আবাদ সম্প্রসারিত হয়েছে। তাছাড়াও শেরপুর, ময়মনসিংহ জেলার বেশকিছু অঞ্চলে চায়ের আবাদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চা বোর্ড উক্ত এলাকার ক্ষুদ্র চাষিদের সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে।