রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আগামী ১৫ অক্টোবর থেকে পঞ্চগড়-রাজশাহী রুটে নতুন ট্রেন চালু হবে। এটা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে ধনিপাড়া এলাকায় সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় নতুন নতুন শিল্প গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষিকে টেকসই করতে হলে কৃষি-শিল্প সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।