পেট্রোবাংলার আওতাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট-৯ নম্বর কূপের খননকাজ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে। এই কূপে কাজ শুরু হওয়ায় এলাকাবাসী এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা বলেন, ধারণা করা হচ্ছে এই কূপ থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাওয়া যাবে যা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ, প্রকল্প পরিচালক আব্দুল জলিল প্রামাণিক, এসজিএফএল-এর সব মহাব্যবস্থাপক এবং প্রকল্প সংশ্লিষ্ট বাপেক্স ও এসজিএফএল-এর কর্মকর্তা-কর্মচারীরা। খননকাজটি সম্পন্ন করছে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স।