ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ তোফায়েল আহমেদের বড় বোন নূরচেহারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়ির মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফা জানাজায় অংশ নেন তোফায়েল আহমেদ এমপি, এমপি আলী আজম মুকুল, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন। নূরচেহারা খাতুন বুধবার সদর উপজেলার বাংলাবাজার উপশহরে তার ছোট ছেলে নজরুল ইসলামের বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।