করোনায় মারা গেলেন বিএসএমএমইউয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন (৫৬) আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক মুহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ডা. মুহাম্মদ হোসেনকে তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ও জ্ঞানলব্ধ কমপক্ষে ১৯টি প্রকাশনা রয়েছে।