দক্ষিণ সিটিতে দখলমুক্ত ২৪২ শতাংশ জমি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণচিরণ মৌজার সিএস ১৩০ ও ১৩১ দাগে কমলাপুর স্টেডিয়ামের পাশে দখলমুক্ত করা হয়েছে ২৪২ শতাংশ জমি। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই জমি সিটি করপোরেশনকে হস্তান্তর করা হলেও এত দিন এই জমিতে অবৈধ বাস কাউন্টার, রিকশা গ্যারেজসহ নানা ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইমরান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, এমন ঘোষণার ফলে অনেকেই আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই তাদের স্থাপনা গুটিয়ে নেন বা মালপত্র সরিয়ে নেন। এর পরও আটটি বাস কাউন্টার ও একটি রিকশা গ্যারেজসহ অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা জমি অবৈধ দখলমুক্ত করেছি।’ ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ডিএসসিসি মেয়রের পরিদর্শনের পর তার নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।