রিয়ালকে জেতালেন ভিনিসিয়াস

ব্রাজিল থেকে যখন রিয়াল মাদ্রিদে পা রেখেছেন, প্রত্যাশার পারদটা বেশ উঁচুতেই চড়ে গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। শেষ দুই মৌসুমে চোট আর ফরমহীনতা পথ আগলে দাঁড়ায় তার। তবে ২০২০-২১ মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে সেই ভিনিসিয়াস। তার গোলেই বুধবার রিয়াল ভায়াদোলিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

নিজেদের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর কোচ জিনেদিন জিদান বদলি হিসেবেই মাঠে নামান ভিনিসিয়াসকে। ৬৫ মিনিটে তার করা গোলটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। যার ফলে ম্যাচের পর কোচ জিদানের প্রশংসা কুড়িয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

রিয়াল কোচ বলেন, ‘তার গোল, আর এর আগে-পরে সে যা করেছে তাতে আমি খুশি। আমরা আরো কিছু পাওয়ার জন্য পরিবর্তন এনেছিলাম আর তার ফলই পেয়েছি আমরা।’

তবে সব মিলিয়ে দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন জিদান। তিনি বলেন, ‘এ জয়টা আনন্দের। কারণ মোটেও সহজ ম্যাচ ছিল না এটা। অবশ্য এটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পেয়েছি আমরা। দল হিসেবে ভালো খেলিনি আমরা, কিন্তু মৌসুমটা তো সবে শুরু হলো! শান্ত থেকে ধৈর্য ধরতে হবে আমাদের। কারণ দলের সবাই জানে উন্নতিটা হবে ধীরে ধীরেই।’

করোনাকবলিত সময়ে গেল মৌসুমটা কিছুটা বাড়তি সময় নিয়েই শেষ হয়েছে। ফলে চলতি মৌসুমের আগে প্রস্তুতির যথেষ্ট সময় পায়নি কোনো দলই। ছন্দহীনতার কারণ হিসেবে একেও দেখছেন কোচ জিদান।

তিনি বলেন, ‘আজ নিজেদের অর্ধে যখন বল হারাচ্ছিলাম, বেশ বিরক্তই লাগছিল। এখানে সতর্কতা প্রয়োজন আমাদের। আমি অবশ্য ইতিবাচক দিকটাই বড় করে দেখছি। কারণ আমরা সবে শুরু করেছি। আর মৌসুমটাও গড়পড়তা মৌসুম থেকে ভিন্ন। নিজেদের পরখ করতে পর্যাপ্ত প্রীতিম্যাচ খেলতে পারিনি আমরা। আর তাই ধীরে ধীরে উন্নতি করতে হবে আমাদের।’