পা মাটিতে রাখতে চায় কলকাতা

ব্যক্তি দিনেশ কার্তিকের জন্য সময়টা ভালো যাচ্ছে না। আগের ম্যাচে শূন্য রানের পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেছেন ১ রান।

তবে দলীয় দৃষ্টিতে অধিনায়ক কার্তিকের সময়টা ভালোই কাটছে। দুই জয়ে কলকাতা নাইট রাইডার্স বেশ একটা জয়ের ধারায় এসেছে। বুধবার রাতে তারা ৩৭ রানে জয় পেয়েছে রাজস্থানের বিপক্ষে। এই জয়ের পর কার্তিক বলেছেন, আনন্দে ভেসে যাওয়ার সময় আসেনি। পা মাটিতে রাখতে হবে।

আগে ব্যাট করা কলকাতা ৬ উইকেটে ১৭৪ রান তুলেছিল। শুরুতেই ৩৪ বলে ৪৭ রান করে ছন্দটা সেট করে দিয়েছিলেন শুবমান গিল। আর শেষ দিকে ২৩ বলে ৩৪ রান করে স্কোরটা বড় করেছে এউইন মরগ্যান।

জবাব দিতে নেমে রাজস্থান ৯ উইকেটে ১৩৭ রানে থেমে যায়। তাদের টম কুনাম ৩৬ বলে ৫৪ রান করেছেন। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন মাভি, নাগারকোটি ও বরুন। এই ম্যাচের পর রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, ‘কোনো কিছুই পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এটা হতে পারে। আমরা শুরুতে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের অনেকে সম্ভবত মনে করেছে, আমরা শারজাহতে খেলছি।’ উলটো দিকে দিনেশ কার্তিক বলছিলেন, তার কাছে এটা অসাধারণ ম্যাচ মনে হয়েছে। তবে উন্নতির জায়গা দেখছেন তিনি, ‘আমি এটাকে নিখুঁত বলব না। আমাদের আরো উন্নতির জায়গা আছে। আমরা ভালো খেলেছি। তবে আমাদের আনন্দে ভেসে গেলে চলবে না। মনোযোগ ঠিক রাখতে হবে।’