রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়ার মিশনে রাফায়েল নাদাল এগোচ্ছেন দারুণ প্রতাপেই। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। একই দিনে পুরুষ এককের আরেক ফেভারিট ডমিনিক থিয়েম আর নারী এককে সিমোনা হালেপও তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন।
বুধবার রাতে নাদাল জয় তুলে নিতে সময় নিয়েছেন ঠিক ১০০ মিনিট। তাতেই ম্যাকডোনাল্ডকে ৬-১, ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্টেফানো ট্রাভাগলিয়া, যিনি দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন কেই নিশিকোরিকে। ডমিনিক থিয়েমও পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। নরওয়ের ক্যাসপার রুডের মুখোমুখি হবেন তিনি।
এদিকে সেরেনা-আজারেঙ্কার বিদায়ে নারী এককের সবচেয়ে বড় ফেভারিট হয়ে ওঠা হালেপও শেষ ৩২ এ পা রেখেছেন। স্বদেশি ইরিনা ক্যামেলিয়াকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে জয়ের ধারাটাকে ১৬ ম্যাচে উন্নীত করা এই রোমানিয়ান তৃতীয় রাউন্ডে খেলবেন আমেরিকান আমান্ডা আনিসিমোভার বিপক্ষে।